
সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান প্রতারক জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুলহাস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা গ্রহণ করে আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন। ওই মামলায় জুলহাস মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতার জুলহাস মিয়া হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে। যুবধারা সমবায় সমিতির চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জে অফিস রয়েছে বলে জানা গেছে।
হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেন বলেন, ‘জুলহাস মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
এদিকে জুলহাস মিয়ার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের অভিযোগ, সমিতিতে টাকা জমা রাখার পর অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন না।
ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এখনো টাকা পাওনা রয়েছেন কিংবা প্রতারণার শিকার হয়েছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় ও আদালতে যোগাযোগ করবেন।
তবে জুলহাস মিয়ার বিরুদ্ধে ওঠা শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




