ফরিদগঞ্জে কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলায় শাস্তির দাবিতে মানববন্ধন

মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জে আস্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আস্টা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার মনির পাটোয়ারী ছাড়াও রোকেয়া বেগম, প্রকাশ রায়, মাসুদ খন্দকারসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আস্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। একজন ব্যবসায়ী নেতা ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে আস্টা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

হামলার বিষয়ে মনির পাটোয়ারী বলেন, “গত ২৫ আগস্ট আমি আমার সম্পত্তিতে হাল চাষ করার সময় কয়েকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মিজানুর রহমানকে আটক করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

মনির পাটোয়ারী জানান, এ ঘটনায় গত ২৬ আগস্ট তিনি ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্লাত পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, মনির হোসেন পণ্ডিত, রহমত বেপারী, আব্দুস ছাত্তার পাটোয়ারী, আব্দুল মান্নান পাটোয়ারী, বিল্লাল ভূঁইয়া, আতিক ভূঁইয়া, সাইফুল বেপারী, ফয়সাল মিজি ও সোহাগ পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

সম্পর্কিত খবর