শাহরাস্তিতে ৩ কিশোরকে আটকের পর অভিভাবকের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

(২ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার দৈকামতা এলাকার যুগীবাড়ি সেতুর ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক কিশোররা হলো—দৈকামতা এলাকার ফাহিম (১৫), তৌহিদুল ইসলাম (১৬) ও ইয়াছিন আরাফাত (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে রাতে সেখানে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।অভিযানে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ জানায়, পরে আটক কিশোরদের অভিভাবকেরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তারা রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না মর্মে আশ্বস্ত করেন। একই সঙ্গে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। এ কারণে সংশোধনের সুযোগ দিতে এবং প্রথমবারের ঘটনা বিবেচনায় তিন কিশোরকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সম্পর্কিত খবর