
হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. নূর আলম দীন।
এ সময় তিনি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও চিকিৎসাসেবার সার্বিক মান পরিদর্শন করেন। একই সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক কাজ শেষে তিনি সদর আলগী বাজারের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহমুদুন্নবীসহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবরেটরির কার্যক্রম, ব্যবহৃত যন্ত্রপাতি, পরীক্ষার পদ্ধতি এবং সার্বিক চিকিৎসাসেবার মান খতিয়ে দেখেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিধি ও নির্ধারিত নিয়মকানুন মেনে সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সিভিল সার্জন ডা. মো. নূর আলম দীন বলেন, হাইমচরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবস্থা অন্যান্য উপজেলার তুলনায় তুলনামূলক ভালো। তবে পরিদর্শনের সময় কয়েকটি প্রতিষ্ঠানে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এসব ত্রুটি দ্রুত সংশোধন করে নিয়ম মেনে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে। রোগীদের সঠিক রোগ নির্ণয় ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল থাকা অত্যন্ত জরুরি। কোনো ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ জনবলের ঘাটতি বা কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।
নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, রোগ নির্ণয়ের ক্ষেত্রে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করতে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রাখা হবে।




