
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নাওগাঁও গ্রামের ঢালী বাড়িতে একই পরিবারের দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ফারুক ঢালী ও জুয়েল ঢালীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল ঢালীর বসতঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে বাড়ির লোকজন ডাক-চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই পাশের ঘরে থাকা তার ভাই ফারুক ঢালীর বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও দুটি ঘর রক্ষা করতে পারেননি। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে দুটি ঘর ও ঘরে থাকা সব আসবাবপত্রসহ পরনের কাপড় ছাড়া প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। মোরশেদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে জুয়েল ও ফারুক ঢালীর দুটি ঘর রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় পাশে থাকা আলম ঢালী ও মিজান ঢালীর দুটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হন।
আগুনে পুড়ে ছাই হওয়া জুয়েল ঢালী ও তার ভাই ফারুক ঢালী হতদরিদ্র পরিবারের সন্তান। এক ভাই মিস্ত্রির কাজ করেন, অন্য ভাইয়ের এলাকায় একটি ছোট চায়ের দোকান রয়েছে। সর্বস্ব হারিয়ে বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসে আহাজারি করছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম। জুয়েল ঢালী ও ফারুক ঢালী বলেন, আগুনে পরনের কাপড় ছাড়া তাদের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, “আমরা খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি বসতঘর পুড়ে গেছে। তবে পাশে থাকা আরও দুটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। ফায়ার সার্ভিসকে দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে পুড়ে যাওয়া দুটি ঘরে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় ২০ লাখ টাকার দুটি বসতঘর আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।




