মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ আবেদন করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৯৮তম সভার আলোচ্যসূচি-১-এর সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ (সংশোধিত অধ্যাদেশ-২০২৫)-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসরণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সংগঠন না থাকায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ২০ জুন ২০২৬ তারিখে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির আবেদন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর