
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় এবং খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) প্রতিষ্ঠান দুটি পরিদর্শনকালে শিক্ষার মানোন্নয়ন, এসএসসি পরীক্ষার ফলাফল বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সহপাঠক্রমিক কার্যক্রম জোরদারসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আফরোজা খানম। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হয়। ফলাফল বিশ্লেষণের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে ফলাফল আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। এ সময় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে নিয়মিত তদারকি করা এবং প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহপাঠক্রমিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ বাস্তবায়ন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জন্য নিয়মিত অনুশীলন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিবন্ধন এবং নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বাকপটুতা বাড়াতে ডিবেট ক্লাব কার্যকরভাবে পরিচালনা, প্রতিবছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজন এবং বিদ্যালয়ের পাঠাগার নিয়মিত সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিদর্শনকালে কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখা হয়। এসব ল্যাবের ব্যবহার আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনে ল্যাবগুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে বাল্যবিবাহ, মাদক এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বাস্তবায়নসহ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন ও সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নিবিড় তদারকি এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান ও পরীক্ষার ফলাফল আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




