চাঁদপুরে ডাকাতিয়া নদী ভরাট করে পণ্য ওঠানামা করায় ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ডাকাতিয়া নদীতে রাবিশ (নির্মাণ ও অন্যান্য বর্জ্য) ফেলে নদীর অংশ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট তৈরি করায় এক ট্রলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ভরাট করা অংশ থেকে রাবিশ অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১০ নম্বর চৌধুরীঘাট, কসাইখানা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে ডাকাতিয়া নদীতে রাবিশ ফেলে নদীর একটি অংশ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট তৈরি করা হয়। এ ঘটনায় কাজী মোবারক করীম মেহেদী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে নদীতে ফেলা রাবিশ আগামী সাত দিনের মধ্যে অপসারণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদী, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর