রঘুনাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিলেও পরে আবার কাজ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, রঘুনাথপুর গ্রামের ফাহিমা বেগমের নামে ৫১১৬ নম্বর দাগে ২১ শতাংশ এবং ৫১১৫ নম্বর দাগে ৪ শতাংশ জমি রয়েছে।

ওই সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটিতে নিষেধাজ্ঞার আদেশ রয়েছে বলে দাবি করেন ফাহিমার স্বামী মো. ইলিয়াস গাজী। অভিযোগ রয়েছে, একই বাড়ির বাসিন্দা মৃত আবদুল আজিজ ডাক্তারের ছেলে রাজু গাজীর নেতৃত্বে ১০-১২ জন লোক ওই সম্পত্তিতে গিয়ে দেয়াল নির্মাণ ও বেড়া দেওয়ার মাধ্যমে দখলের চেষ্টা করেন।

এ নিয়ে স্থানীয়ভাবে সালিসি বৈঠক এবং চাঁদপুর মডেল থানায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও বিরোধের সমাধান হয়নি বলে জানান ভুক্তভোগীরা। ইলিয়াস গাজী বলেন, “আমার স্ত্রীর নামে থাকা সম্পত্তি নিয়ে আদালতে নিষেধাজ্ঞার মামলা করা হয়েছে। মামলার আদেশ আমরা পেয়েছি। এরপরও রাজু গাজী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তিতে দেয়াল নির্মাণ ও বেড়া দেওয়ার কাজ করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এলেও একদিন পর আবার কাজ শুরু করা হয়।” মামলাটির নম্বর ৩৯২/২৫, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫ বলে জানান তিনি। এদিকে, বিষয়টি জানতে পেরে চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ মঙ্গলবার (২৫ আগস্ট) ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন বলে জানা গেছে।

চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসি।” ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় পুনরায় নির্মাণকাজ চালিয়ে যাওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন।

এ বিষয়ে আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ সম্পত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা। তবে অভিযুক্ত রাজু গাজীর বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

সম্পর্কিত খবর