চাঁদপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসার সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংস্কৃতি ও লেখাপড়া—সবকিছুকেই গুরুত্ব দিতে হবে। প্রত্যেক এলাকায় শিক্ষার্থীদের নিয়ে লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। সরকার শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দিন এবং শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখুন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা টিউশনি করতে পারবে না, তার বিদ্যালয়ের সময় দেওয়ার চেষ্টা করুন। শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করব। বদলির জন্য কেউ আমার কাছে আসবেন না। আমাদের বিশেষ নজর থাকবে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে।”

তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পর্যাপ্ত সময় দিতে হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ—সেগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকলে শিক্ষার মান ও ফলাফল আরও ভালো হবে। আগামী দিনের সমাজ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের এ ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাসে অন্তত একবার শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সভা করতে হবে। অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করলে শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যেসব জায়গা রয়েছে, সেগুলো শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নিতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন রনি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফরাক্কাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম,

শাহাতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহম্মদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমেদ, পশ্চিম সকদী আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল আহমেদ, চাঁদপুর লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ ও পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কল্পনা সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরাক্কাবাদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, অ্যাডভোকেট মনিরা চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝিসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানরা। মতবিনিময় সভা শেষে সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অতিথিরা।

সম্পর্কিত খবর