স্বামীর মরদেহ দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

চাঁদপুর খবর ডেক্স : স্বামী মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক তার প্যারোলে মুক্তি মঞ্জুর করেন। একইদিন দুপুরে তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। দীপু মনির আইনজীবী জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর কারাগার থেকে তাকে মুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।

প্রসঙ্গত : সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দিপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত হন।

সম্পর্কিত খবর