২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব।

আগামী ২২ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৫টায় নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। আগামী ২ সেপ্টেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠান।

উৎসবের সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি ও লেখক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ।

অনুষ্ঠানে চাঁদপুরের ১০টি নাট্যদল ছাড়াও ১০টি সাংস্কৃতিক ও নৃত্যসংগঠন অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও নির্দেশক মইনুদ্দিন লিটন ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে এই উৎসব প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে শুরু হবে। অনুষ্ঠানের প্রথম দিন ২২ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৪টায় নৃত্যানুষ্ঠান, সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক গিটঠু।

২য় দিন ২৩ আগস্ট রোববার বিকাল সাড়ে ৪টায় সুরধ্বনি সঙ্গীত একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় মেঘনা থিয়েটারের পরিবেশনায় নাটক ভাঙ্গা গ্লাস। ৩য় দিন ২৪ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪টায় রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের পরিবেশনায় নৃত্যানুষ্ঠা, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় অরূপ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটক প্রেমের আলো।

৪র্থ দিন ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বহুবচন আবৃত্তি সংগঠনের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় স্বরলিপি নাট্যাগোষ্ঠীর পরিবেশনায় নাটক স্বপ্ন-দুঃস্বপ্ন। ৫ম দিন ২৮ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নৃত্যধারার পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ণমালা থিয়েটারের পরিবেশনায় নাটক গ্রন্থিক। ৬ম দিন ২৯ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৪টায় প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর ড্রামার পরিবেশনায় নাটক বৌমা। ৭ম দিন ৩০ আগস্ট রোববার বিকাল সাড়ে ৪টায় সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় নটমঞ্চের পরিবেশনায় নাটক তামাশা।

৮ম দিন ৩১ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪টায় স্বদেশ এবং বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটক পুনর্জন্ম। ৯ম দিন ০১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নৃত্যাঙ্গনের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্ব ও সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের পরিবেশনায় নাটক মহুয়া। ১০ম দিন ০২ সেপ্টেম্বর বুধবার সমাপনী অনুষ্ঠানে বিকাল সাড়ে ৪টায় সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৫টায় আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, সন্ধ্যা সাড়ে ৬টায় অন্যন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটক জলরূপালী।

উল্লেখ্য, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ও ২৭ আগস্ট নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে উৎসবের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ আগস্ট নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত খবর