
ফরিদগঞ্জ ব্যুরো: চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিনের দখল, আদালতে বিচারাধীন মামলা এবং ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, প্রায় ৩৫ বছর ধরে দোকান পরিচালনা ও ভাড়া আদায়ের সঙ্গে যুক্ত একটি পরিবারকে বাদ দিয়ে প্রতিপক্ষকে দখলদার দেখিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে একটি ইউনিয়ন ভূমি অফিস। একই সঙ্গে ২০২৪ সাল থেকে আদালতে বিচারাধীন বিএস রেকর্ড সংশোধন মামলার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ঘটনাটি উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া কাঁচা বাজার এলাকার। এ নিয়ে ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপন, একপেশে তদন্ত ও প্রভাবিত হয়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেছেন, মামলার বিষয়টি বিবাদী পক্ষ তাকে জানায়নি।
স্থানীয় ও সংশ্লিষ্ট কাগজপত্রের তথ্য অনুযায়ী, ১৯৪০ সালে মফিজ উদ্দিন গংয়ের কাছ থেকে সিএস ২৪ খতিয়ানের ৮৭ নম্বর দাগে ১৬ শতাংশ জমি ক্রয় করেন আইয়ুব আলী খান ও নুরেন্নেছা। পরবর্তীতে বাজারের জন্য ওই দাগের ১০ শতাংশ জমি বিক্রি করা হয়। অবশিষ্ট জমির মধ্যে ২ শতাংশ সরকার ৫(২৭)/৭৩-৭৪ নম্বর হুকুমে দখলে নেয়। আর অবশিষ্ট ৪ শতাংশের মধ্যে ১৯৮৫ সালে ৭২৪৮ নম্বর দলিলের মাধ্যমে ৩ শতাংশ জমি মসজিদের নামে দান করেন আইয়ুব আলী খান।
অভিযোগ রয়েছে, নুরেন্নেছার নামে বিএস রেকর্ড না হয়ে আইয়ুব আলী খানের নামে ২১ নম্বর খতিয়ানে বিএস ১৮৬ দাগে ২ শতাংশ জমি রেকর্ড করা হয়। এ রেকর্ড সংশোধনের দাবিতে নুরেন্নেছার ওয়ারিশরা ২০২৪ সালে আদালতে ১৩৪ নম্বর মোকদ্দমা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ভুক্তভোগীদের অভিযোগ, ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিএস রেকর্ডে থাকা বিরোধপূর্ণ জমি আইয়ুব আলী খানের ছেলে মাহাবুবুর রহমান ইউসুফ মিজির কাছে বিক্রি করেন। পরে ইউসুফ মিজি জমিটির দখল নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়।
এরই মধ্যে ২০১৫ সালে উচ্ছেদ করা হয়েছে—এমন দাবি তুলে ২০২৬ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারায় ইউসুফ মিজি মামলা করেন। মামলাটি ৭৯/২০২৬ নম্বরে দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব পড়ে উপজেলা ভূমি অফিসের ওপর। তদন্ত করেন ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান। আর এই তদন্ত প্রতিবেদন নিয়েই উঠেছে নানা প্রশ্ন।
ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতে বিচারাধীন বিএস রেকর্ড সংশোধন মামলার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নালিশি জমিতে বিবাদী পক্ষের দীর্ঘদিনের দখল ও দোকান পরিচালনার বিষয়টিও প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। বরং বাদী পক্ষকে ২০১৫ সালে উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমানে বাদী পক্ষ দখলে রয়েছে—এমন তথ্য প্রতিবেদনে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
এদিকে প্রতিবেদনে সাক্ষী হিসেবে উল্লেখ করা স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, মনির হোসেন ও দেলোয়ার হোসেনেরও অভিযোগ, ভূমি কর্মকর্তা তাদের কাছ থেকে সাক্ষীর ঘরে স্বাক্ষর নেন। তাদের দাবি, স্বাক্ষর দেওয়ার সময় সেখানে কোনো লিখিত বক্তব্য ছিল না। পরবর্তীতে ওই স্বাক্ষর ব্যবহার করে প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠানো হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “এই জমি নিয়ে যে মামলা রয়েছে, আমাকে বিবাদী পক্ষ তা বলেনি। তাই মামলার কথা উল্লেখ করতে পারিনি।”
প্রতিবেদনে মামলার তথ্য যাচাই করা হয়েছিল কি না এবং সাক্ষীদের বক্তব্য কীভাবে নেওয়া হয়েছিল—এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। টাকার বিনিময়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি কোনো বক্তব্য দিতে পারব না। আমার স্যার সব বলবেন।”
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, “ভূমি সহকারী যে তথ্য দেন, আমরা মূলত সেটিতে স্বাক্ষর করে পাঠিয়ে দিই।”
উচ্চ আদালতে বিচারাধীন মামলা থাকা অবস্থায় তদন্ত প্রতিবেদনে সেই তথ্য উল্লেখ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উচ্চ আদালতে মামলা থাকলে অবশ্যই নিম্ন আদালতে সে মামলা চলার কথা নয়।” প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আর কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, বিরোধপূর্ণ জমিতে দীর্ঘদিন ধরে দোকান পরিচালনা করা কয়েকজন ব্যবসায়ীও তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দোকান ভাড়াটিয়া খোরশেদ আলম বলেন, তিনি প্রায় ৩৫ বছর ধরে সেখানে দোকানদারি করছেন এবং দীর্ঘদিন ধরে আপেল খানগং দোকানের ভাড়া নিয়ে আসছেন।
পাশের দোকানদার ফিরোজ আলম বলেন, তিনি ১৪-১৫ বছর ধরে সেখানে ব্যবসা করছেন। তার ভাষ্য অনুযায়ী, আপেল খানদের দোকান ভাড়া দিতে ও ভাড়া নিতে তিনি দেখেছেন। আরেক ব্যবসায়ী সেলিম হোসেন জানান, তিনি প্রায় ১৭-১৮ বছর ধরে সেখানে ব্যবসা করছেন এবং এতদিন জমিটি নিয়ে কোনো বড় ধরনের বিরোধ দেখেননি।
বর্তমান দখলদার হিসেবে দাবি করা আপেল খান বলেন, “এটি আমাদের পৈতৃক সম্পত্তি। আইয়ুব আলী খানের ছেলের কাছ থেকে ভুয়া দলিল করে ইউসুফ মিজি আমাদের জমি দখলের চেষ্টা করছেন। দখল নিতে না পেরে এখন আদালতের আশ্রয় নিয়েছেন। ভূমি অফিসে টাকা দিয়ে আমার বিরুদ্ধে ভুল রিপোর্ট করানো হয়েছে বলে আমরা মনে করি। আমি সঠিক তদন্ত চাই। সত্যটা বের হয়ে আসুক।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দখল, দোকান পরিচালনা, ভাড়া আদায়, সংশ্লিষ্ট দলিল-রেকর্ড এবং আদালতে বিচারাধীন মামলার তথ্য—সবকিছু যাচাই করে নিরপেক্ষভাবে পুনঃতদন্ত করা হোক। একই সঙ্গে সাক্ষীদের প্রকৃত বক্তব্য যাচাই এবং তদন্ত প্রতিবেদনে কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে দুই পক্ষের উত্তেজনা আরও বাড়তে পারে। এ কারণে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
এখন প্রশ্ন হচ্ছে—আদালতে বিচারাধীন বিএস রেকর্ড সংশোধন মামলার তথ্য তদন্ত প্রতিবেদনে কেন উল্লেখ করা হয়নি, দীর্ঘদিনের দখলের দাবির যথাযথ প্রতিফলন হয়েছে কি না এবং সাক্ষীদের স্বাক্ষর কীভাবে প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।



