চাঁসক শিক্ষার্থী নুসরাতকে অভিনন্দন জানালেন চাঁদপুর জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনকারী চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাতকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, এসময় জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সামিরা সম্প্রতি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। এর আগে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।

এছাড়া মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় স্থান অর্জন করেন সামিরা। দুটি জাতীয় পর্যায়ের অর্জনের পুরস্কারই তিনি যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন। সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সামিরার অসাধারণ সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর এমন জাতীয় অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি চাঁদপুর জেলার জন্যও গর্বের বিষয়।

তিনি সামিরার মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতার প্রশংসা করে ভবিষ্যতে শিক্ষা, সাহিত্য ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সামিরা জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক ও সামিরা স্মৃতিচিহ্ন হিসেবে আলোকচিত্রে অংশ নেন।

এ সময় উপস্থিত সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেন। সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা। তার বাবা জি এম শাহজাহান আহমেদ এবং মা মোসা. মোবাশ্বেরা আক্তার। জাতীয় শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষণ, বাংলা রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও জাতীয় শিশু পুরস্কারসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিক এই সাফল্যে সামিরার অর্জনের ঝুলিতে যুক্ত হচ্ছে একের পর এক নতুন পালক।

জেলা প্রশাসকের পক্ষ থেকে পাওয়া এই স্বীকৃতি ও শুভেচ্ছা তার ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তার সাফল্য চাঁদপুরের তরুণ শিক্ষার্থীদের মধ্যেও মেধা, মনন ও সৃজনশীল চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর