
ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাজী সেলিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। সোমবার (১৭ আগস্ট ২০২৬) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রিটেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন। এ সময় দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। তিনি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা আয়োজন এবং শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ল্যাবগুলোতে শিক্ষার্থীদের ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরি সচল রাখা এবং নিয়মিত সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণ ও বাস্তবায়ন, ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং প্রতিবছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখতে নিয়মিত কাউন্সেলিং জোরদার করার পাশাপাশি বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলা শিক্ষা অফিসার একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।



