
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার নিউ ট্রাক রোড ও বটতলা খান সড়ক এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি ও আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে মোসা. রোকেয়া বেগমের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায় ও ডিগ্রির বিরুদ্ধে ল্যান্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জামাল খান গং।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট কাগজপত্রের অনুলিপি সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভা এলাকার সাবেক ৯১ ও হালে ৯৩ নম্বর মিউনিসিপ্যালিটি মৌজার সিএস ১২৩১ নম্বর খতিয়ানভুক্ত জমি নিয়ে মোসা. রোকেয়া বেগম ২০১৯ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৩১৭/২০১৯। পরবর্তীতে ২০২৪ সালে ওই মামলায় রায় ও ডিগ্রি প্রদান করা হয়। এরপর ওই রায় ও ডিগ্রির বিরুদ্ধে মো. জামাল খান গং চাঁদপুরের বিজ্ঞ ল্যান্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করেন।
আপিল মামলাটির নম্বর ১৪০/২০২৪। আপিলকারী পক্ষের দাবি, নিম্ন ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কাগজপত্র ও দলিল যথাযথভাবে পর্যালোচনা না করেই রায় প্রদান করেছেন। তাদের অভিযোগ, রোকেয়া বেগম তার মরহুম পিতার সঙ্গে যোগসাজশ করে ২০০২ সালের ২৮ জুলাই ৩৩৭২ নম্বরের একটি বিতর্কিত দলিল সৃজন করেন। আপিলকারী পক্ষের ভাষ্য অনুযায়ী, ওই দলিলে দাতা হিসেবে নাসিরউদ্দিন দেওয়ান এবং গ্রহীতা হিসেবে মো. ইউনুছ দর্জির নাম উল্লেখ রয়েছে।
দলিলে বিএস/ডিপি খতিয়ান নম্বর ৩৭৮৬ এবং দাগ নম্বর ১৩৩৯৩ উল্লেখ করা হলেও ৩৭৮৬ নম্বর খতিয়ানে নাসিরউদ্দিন দেওয়ানের কোনো নাম নেই বলে দাবি তাদের। বরং ওই খতিয়ান আপিলকারী বিবাদীপক্ষের নামে রয়েছে বলে তারা জানান। এছাড়া ৩৩৭২ নম্বর দলিলের চৌহদ্দি নিয়েও প্রশ্ন তুলেছেন আপিলকারী পক্ষ। তাদের দাবি, দলিলে পশ্চিম পাশে বেলায়েত খাঁর জমি উল্লেখ করা হলেও বর্তমানে ওই স্থানে আবুল বাসার গাজীর বহুতল ভবন রয়েছে।
তাদের ভাষ্য, আবুল বাসার গাজী হারুন খানের কাছ থেকে জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণ করেছেন। অন্যদিকে রোকেয়া বেগমের নামে ২০০৭ সালের ২৬ আগস্ট সম্পাদিত ৪৬৮৩ নম্বর দলিল নিয়েও আপত্তি রয়েছে আপিলকারী পক্ষের। তাদের দাবি, ওই দলিলে চাঁদপুর পৌরসভা মৌজার সিএস ১২৩২ নম্বর খতিয়ান উল্লেখ করা হয়েছে। অথচ তাদের দাবি করা বিরোধীয় জমি সিএস ১২৩১ নম্বর খতিয়ানভুক্ত। মো. জামাল খান বলেন, “বিভিন্ন কৌশল ও বিতর্কিত দলিলের মাধ্যমে আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। এতে আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সংশ্লিষ্ট কাগজপত্র ও দলিল যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রকৃত বিষয় উদঘাটন এবং আইনগত প্রতিকার পাওয়ার দাবি জানাই।” আপিলকারী পক্ষের দাবি, বিরোধীয় জমির মালিকানা ও দলিলসংক্রান্ত বিষয়গুলো নিরপেক্ষভাবে যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তারা ল্যান্ড আপিল ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
এ বিষয়ে মোসা. রোকেয়া বেগমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযোজন করা হবে।



