ফরিদগঞ্জে এলপিজি স্টেশনে রান্নার গ্যাস সিলিন্ডার ফিলিং, এক লাখ টাকা জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর এলাকায় এলপিজি ফিলিং স্টেশন থেকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফিলিং করে বিক্রির অভিযোগে জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে স্টেশন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং এলপিজি ফিলিং স্টেশন থেকে রান্নার গ্যাস সিলিন্ডার ফিলিং করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় স্টেশন মালিককে ১ লাখ টাকা (১০০,০০০ টাকা) জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অনুমোদিত লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফিলিং ও বিক্রি করার অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জরিমানা করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ বিষয়ে স্টেশন মালিক মুচলেকা প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এলপিজি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর