
ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর পৌর অডিটোরিয়ামে (১৫ আগস্ট, ২০২৬) শুরু হয় সভার কার্যক্রম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আপনারা যদি মনে করেন আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামী ছিলাম এখন আমরা বিশ্রাম করবো। তাহলে আমাদের দল শক্তিশালী হবে না। আমাদেরকে এখন জনগণের কাতারে গিয়ে আরো বেশি পরিশ্রম বাড়িয়ে দিতে হবে। যাতে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি।
তিনি বলেন, আপনারা সবাই মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিবেন। আমরা চাই মাদক ও চাঁদাবাজ নির্মূলে আপনারা কাজ করবেন। আপনারা ভালো কাজ দেখান। যাতে আগামী দিনে আমাদের দল আরো শক্তিশালী হয়।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মো. বাবর বেপারি, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু এবং জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম প্রমুখ।
সভার শুরুতে সাধারণ সম্পাদকের পক্ষে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর। পরে প্রধান অতিথির স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিটির উপদেষ্টা ও অন্যান্য নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



