কাঙালি ভোজের আয়োজন, পুলিশের অভিযানে চাঁদপুরে আটক ৯ ছাত্রলীগ নেতাকর্মী

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে চাঁদপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তিন ডেগ খিচুড়িও জব্দ করেছে পুলিশ।

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকায় একটি মসজিদে কাঙালি ভোজের আয়োজন করা হয়। শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে সেখানে রান্নার কাজ চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকদের অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখান থেকে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।

পরে ঘটনাস্থল থেকে কাঙালি ভোজের জন্য রান্না করা তিন ডেগ খিচুড়ি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কাঙালি ভোজের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জি নিউজ টিভি’ নামে একটি ব্যক্তিগত ফেসবুক পেজে ছাত্রলীগের মিছিলের ভিডিও পোস্ট করার অভিযোগে আব্দুল গাফফার নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চাঁদপুরে কাঙালি ভোজকে কেন্দ্র করে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর