সংসদ সদস্য মমিনুল হকের সাফল্য, হাজীগঞ্জে ১১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ’ অনুমোদন

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে ‘১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ’ গঠিত ও অনুমোদন লাভ করেছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা।

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের ৫ নম্বর সদর ইউনিয়নটি আয়তনে বেশ দীর্ঘ। এর ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ইউনিয়নের পূর্বাঞ্চল সুহিলপুর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত।

ফলে পশ্চিমাঞ্চল তথা অলিপুর ও উচ্চগাঁ এলাকার সাধারণ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুহিলপুর বাজারে যেতে হতো। অলিপুর ও উচ্চগাঁসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ও স্বপ্ন পূরণ হলো নতুন এই ইউনিয়নটি অনুমোদনের মধ্য দিয়ে।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় দ্বাদশ ইউনিয়ন গঠিত হওয়ার পর সংসদ সদস্য মমিনুল হকের প্রচেষ্টায় ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ নামে নতুন এই ইউনিয়নটি অনুমোদন পেলো। এর মাধ্যমে হাজীগঞ্জ উপজেলায় এখন ইউনিয়ন পরিষদের সংখ্যা দাঁড়াল ১৩টিতে। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের ডিও পত্রের স্মারক নম্বর: ভিও-চাঁদ-৫/২৬৪/১৭২৭/২০২৬।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়-চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবটি এ বিভাগের ১৬/০৯/২০১৩ খ্রি. তারিখের ৬৮৬ নম্বর স্মারকে জারিকৃত ‘ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ নীতিমালা’, ০৯/১২/২০১৪ খ্রি. তারিখের ৪৫০ নম্বর স্মারকে জারিকৃত ‘ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা’ এবং ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ধারা ১১ অনুযায়ী অনুমোদন প্রদান করা হলো এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, সংসদ সদস্য মমিনুল হকের প্রচেষ্টায় গত ৬ মাসে হাজীগঞ্জ-শাহরাস্তির হাট-বাজারে সরকারের ধার্যকৃত ১,৬০,০০,০০০ (এক কোটি ষাট লক্ষ টাকা খাজনা তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে পরিশোধ করেন এবং হাট-বাজারগুলোকে সর্বসাধারণের জন্য খাজনামুক্ত ঘোষণা করেন।

এ ছাড়া হাজীগঞ্জ-শাহরাস্তিতে তিন চাকার যানবাহনসহ সকল পরিবহনে টোল আদায় বন্ধ, ৫০ শয্যাবিশিষ্ট দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ, দুটি মিনি স্টেডিয়াম অনুমোদন, দুটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিসি) স্থাপন কাজ চালুকরণ এবং শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের অনুমোদন লাভ তাঁর অন্যতম উদ্যোগ।

একই সাথে অলিপুর ইউনিয়ন গঠন ছাড়াও এলাকায় রাজনৈতিক হানাহানি, পুলিশি হয়রানি ও পেশিশক্তির দখল বাণিজ্য বন্ধে তিনি ভূমিকা রেখে চলেছেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি মাদকবিরোধী কঠোর আইনের দাবিতে বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে মাদক ও জুয়াবিরোধী আইন পাস হয়।

সম্পর্কিত খবর