
সংবাদ বিজ্ঞপ্তি: ‘‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা’’ ও “জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য” এই প্রতিপাদ্যের উপর গতকাল ১২ আগস্ট ২০২৬ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও র্যালি পরবর্তী আলোচনা সভা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক যুব দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এবং তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে ধারণা প্রদানের মাধ্যমে এই আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও সনাক-টিআইবি’র এই আয়োজন। তারুণ্য দুর্জয়, অদম্য, অপ্রতিরোধ্য। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশকিছু দেশে আমরা নতুন করে তারুণ্যের এই দুর্জয় শক্তিকে প্রত্যক্ষ করেছি। বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশের যত ইতিবাচক অর্জন ও সাফল্যের ইতিহাস, তার অনেক ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে তরুণ ও যুব সমাজ। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বর্তমান বিশ্বে তরুণদের সংখ্যা ১.২ বিলিয়ন। এ বছর আন্তর্জাতিক যুব দিবসের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট মোকাবেলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অমিত সম্ভাবনাময় বিশাল তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মানীয় অতিথির বক্তব্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র চাঁদপুরের ডেপুটি কো-কোঅর্ডিনেটর মোঃ কফিল উদ্দিন বলেন, দেশের প্রতিটা আন্দোলনে যুবকদের ভূমিকা অনস্বীকার্য এবং প্রতিটি আন্দোলনেই যুবকরা ভূমিকা পালন করেছে ও প্রাণ দিয়েছে। যুব সমাজের অনবদ্য অবদানের মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন ছড়িয়ে পড়ছে। লেখাপড়া বাদ দিয়ে শুধুমাত্র আন্দোলন করলে চলবে না। অক্টোপাসের মতো দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে আছে। যা যুবকদেরকেই দূর করতে হবে। যেভাবে আমাদের সমাজে দুর্নীতি ছড়িয়ে আছে তা একদিনে রোধ করা যাবে না। দুর্নীতি প্রতিরোধ করতে হলে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ। তিনি আরও বলেন, আমি রাষ্ট্রের কাছ থেকে কতটুকু পাচ্ছি এবং রাষ্ট্রকে আমি কতটুকু দিতে পেরেছি সেগুলো আমাকে আগে ভাবতে হবে। আমাদের একটাই লক্ষ্য হবে ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি যুবকদের আত্মকর্মী ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। তিনি এধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি বলেন, একটি দেশের প্রাণশক্তি হলো যুবশক্তি। এদেশের চালিকাশক্তি হলো যুবকরা। যুবকরা দুর্নীতিমুক্ত থাকতে পারলে এবং তাঁরা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে তাহলে আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পারবো। আমাদের দেশে প্রতিটি আন্দোলনেই তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় যে প্রশিক্ষণগুলো তোমরা গ্রহণ করছো আশা করছি তোমাদের হাত ধরেই এদেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে। তিনি তারুণ্যের শক্তিকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তিতে রুপান্তরের আহ্বান জানান। দেশের অর্থনৈতিক উন্নয়নেও তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করছি। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিদর্শক অভিজিত দে, সনাক সদস্য খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, মোঃ হাবীবুর রহমান পাটওয়ারী ও মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রিক এসিজি সমন্বয়কারী মোঃ জাকির হোসেন।
দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপের সহ-দলনেতা শৈলী দাস ও স্বাধীন দত্ত, দিবসের উপর বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থী বর্ষা চন্দ ও আফসান মাহমুদ রাফি। এছাড়াও অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে মূল চালিকাশক্তি বিবেচনা করে দিবসটি উপলক্ষ্যে টিআইবির সঙ্গে সংশ্লিষ্ট তরুণ অংশীজনরা নিম্নোক্ত সুপারিশ উত্থাপন করছে-
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ ও যুবসমাজকে অধিকতর ধারণা প্রদানের উদ্যোগসহ অভিঘাত মোকাবেলা ও অভিযোজনের ক্ষেত্রে তরুণদের উদ্ভাবনী উদ্যোগসমূহকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ স্বীকৃতি প্রদান এবং এসব উদ্যোগে পর্যাপ্ত আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে; বৈশ্বিক অগ্রগতি ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে একটি তারুণ্যনির্ভর জাতীয় কৌশল প্রণয়ন,
সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তরুণদের অর্থবহ ও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; গ্রামীণ, প্রান্তিক এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা এবং প্রযুক্তিগত অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে; তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনজনিত মানসিক চাপ নিরসনে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে; আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ এবং পরিবেশবান্ধব বা সবুজ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে; বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং তাদের উদ্যোগসমূহকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে পৃষ্ঠপোষকতা ও বাস্তবায়নের নিশ্চয়তা বিধান করতে হবে; নারী, সংখ্যালঘু, আদিবাসী,
প্রতিবন্ধী এবং অন্যান্য অনগ্রসর ও প্রান্তিক তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ প্রণোদনা বরাদ্দ নিশ্চিত এবং সকল প্রকার কাঠামোগত বৈষম্য দূর করতে হবে; জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত তরুণদের দ্রুত পুনর্বাসন এবং তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য একটি রাষ্ট্রীয় তরুণ সুরক্ষা তহবিল গঠন করতে হবে;
সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে তরুণদের সমপ্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করতে হবে।



