
স্টাফ রিপোর্টার : যুবরাই গড়বে, যুবরাই লড়বে’ স্লোগানে চাঁদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) যুব ও ক্রীড়া সংসদ, চাঁদপুর শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুব ও ক্রীড়া সংসদের পৌর সভাপতি সবুজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ হারুন আল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মুসলিম মিয়াজী, মোল্লা মো. হানিফ, ওমর ফারুক এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল হাইসহ অন্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হারুন আল রশিদ বলেন, “বেকারত্ব দূর করতে কেবল সহায়তার ওপর নির্ভর না করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যুবসমাজের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে সবুজ খান বলেন, বেকারত্ব ও হতাশার কারণে যুবসমাজ মাদক ও নানা অপরাধের দিকে ঝুঁকছে। তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এবং মাদকমুক্ত রাখতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।
আলোচনা সভাশেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি ও ছায়াবাণী হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।



