দাখিলে চাঁদপুর আল-আমিন মডেল মাদরাসায় জিপিএ-৫ পেল ১০ শিক্ষার্থী

চাঁদপুর খবর রিপোর্ট : দাখিল পরীক্ষা-২০২৬-এ জেলার অন্যতম সেরা ফলাফল অর্জন করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ মস্তানবাড়ির সামনে অবস্থিত আল-আমিন মডেল মাদরাসা। এবারের পরীক্ষায় মাদরাসাটির ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

চাঁদপুরে কোরআনে হাফেজদের ঐতিহ্যবাহী সংগঠন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এ মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য সুনাম অর্জন করে আসছে। বিগত বছরগুলোর মতো এবারও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের দাখিল পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা।

মাদরাসার অধ্যক্ষ আ. ন. ম. ফখরুল ইসলাম মাসুম বলেন, “দ্বীনি পরিবেশে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, দক্ষ পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। মহান রবের দরবারে সিজদাবনত শিরে এ ফলাফলের জন্য শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদরাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

মাদরাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর