হাইমচরে প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচরে একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) হাইমচর থানাধীন উত্তর আলগী এলাকার নতুন পল্লী বিদ্যুৎ অফিস থেকে রায়ের বাজারগামী পাকা সড়কের তিন রাস্তার মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে এ মাদক উদ্ধার করা হয়। এটি হাইমচর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে সাধারণ মানুষ ।

হাইমচর থানা পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-গ-২৫-৯৮৮৮ নম্বরের একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডিক্কি থেকে কালো স্কচটেপে মোড়ানো চারটি পৃথক প্যাকেট উদ্ধার করা হয়।

দুটি প্লাস্টিকের বস্তায় রাখা এসব প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা ছিল বলে পুলিশ জানায়। গ্রেপ্তার রাসেল মিয়া (৩৭) বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকার গোলাম মোস্তফার ছেলে।

তার বর্তমান ঠিকানা ঢাকার ভাষানটেক থানাধীন ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়। হাইমচর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর