চাঁদপুরে ‘গানে গানে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সঙ্গীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসন চাঁদপুরের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহের রুশদী, চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা:মোস্তফা কামাল ,চাঁদপুর সদরের এসিল্যান্ড বাপ্পী দত্ত রনি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের চেতনা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সঙ্গীতের ভাষায় উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে দেশাত্মবোধক ও প্রেরণাদায়ক গান পরিবেশনের পাশাপাশি জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিদি সাহা বলেন, “জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি আত্মমর্যাদার উচ্চারণ, সাহসের দীপ্ত প্রতীক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিনাশী স্মারক। সেই চেতনাকে ধারণ করতেই ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর