মানুষের জন্য উম্মুক্ত জনপ্রতিনিধির দুয়ার : অসহায়দের কথা শুনছেন মানিক এমপি

চাঁদপুর খবর রিপোর্ট : রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে জনপ্রতিনিধির সহজলভ্যতা ও জনসম্পৃক্ততার বিষয়টি এখন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই বাস্তবতায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত জনসাক্ষাৎ কার্যক্রম পরিচালনা করছেন।

এ দুই দিনে তাঁর চাঁদপুর শহরস্থ মুনিরা বাসভবন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের শত শত মানুষ ব্যক্তিগত, পারিবারিক, চিকিৎসা, শিক্ষা, আর্থিক ও সামাজিক নানা সমস্যা নিয়ে উপস্থিত হন। তিনি তাদের বক্তব্য শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও সুপারিশ প্রদান করেন। শনিবারের জনসাক্ষাতে উপস্থিতদের দৃষ্টি কাড়েন এক শতবর্ষী বৃদ্ধা। ১৯১২ সালে জন্ম নেওয়া ওই বৃদ্ধা নিজের প্রয়োজনের কথা জানাতে এমপির সঙ্গে দেখা করতে আসেন।

বয়সের ভার উপেক্ষা করে তাঁর এই উপস্থিতি যেমন মানবিক আবেগের জন্ম দেয়, তেমনি জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের প্রত্যাশারও একটি প্রতীকী চিত্র হয়ে ওঠে। জনসাক্ষাৎ কার্যক্রমে প্রতিদিনই চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পারিবারিক বিরোধ, ভূমি-সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আবেদন আসে।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ব্যক্তিগত তহবিল এবং সরকারের বিভিন্ন অনুদান ও সহায়তা ন্যায্যতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বলে সংশ্লিষ্টরা জানান। শুধু সমস্যা শোনা নয়, দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্য দুপুরের খাবার এবং সন্ধ্যায় নাস্তার ব্যবস্থাও রাখা হয়।

আয়োজকদের মতে, দীর্ঘ সময় অপেক্ষমাণ মানুষের কষ্ট লাঘব এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাক্ষাৎ শেষে অনেকেই সন্তোষ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাঁদের মধ্যে নতুন আস্থা সৃষ্টি করেছে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের জনসাক্ষাৎ নিয়মিত অব্যাহত থাকলে অনেক সমস্যার দ্রুত সমাধান হবে এবং জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের জন্য সময় দেওয়া, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই একজন জনপ্রতিনিধির জবাবদিহিমূলক নেতৃত্বের পরিচয়। তাঁরা মনে করেন, জনমুখী এ ধরনের উদ্যোগ অন্য জনপ্রতিনিধিদের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, গণতন্ত্রে জনপ্রতিনিধির প্রকৃত শক্তি জনগণের আস্থা।

সেই আস্থা অর্জিত হয় নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং ন্যায়সংগতভাবে সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে। চাঁদপুরে পরিচালিত এ জনসাক্ষাৎ কার্যক্রম সেই বার্তাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

সম্পর্কিত খবর