ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশি গবেষক এবং অস্ট্রেলিয়ার ইউএনএসডব্লিউ সিডনি-এর সিনা ল্যাব-এর প্রধান ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ গবেষণা অনুদান এনএইচএমআরসি ইনভেস্টিগেটর গ্র্যান্ট (ইমার্জিং লিডারশিপ লেভেল–২) অর্জন করেছেন।

প্রায় ১৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এ অনুদান সিনা ল্যাবের চলমান গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যয় করা হবে। ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল (এনএইচএমআরসি) প্রদত্ত এই অনুদান স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য, শক্তিশালী গবেষণা-অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গবেষণার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এমন গবেষকদের প্রদান করা হয়। সিনা ল্যাব জানিয়েছে, এ অর্থায়নের মাধ্যমে গবেষকরা রক্তভিত্তিক নতুন প্রজন্মের বায়োমার্কার আবিষ্কার এবং ন্যানোপ্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম উন্নয়নের মাধ্যমে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবেন। এর লক্ষ্য আরও নির্ভুল, সহজলভ্য এবং দ্রুত ক্যান্সার শনাক্তকরণ সম্ভব করা। পাশাপাশি এ অনুদান গবেষণাগারের কার্যক্রম সম্প্রসারণ করবে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন গবেষণার সুযোগ সৃষ্টি করবে।

অনুদান পাওয়ার প্রতিক্রিয়ায় ড. আবু আলী সিনা বলেন, এই সাফল্য আমার একার নয়। আমার শিক্ষার্থী, সহকর্মী, মেন্টর, গবেষণা-সহযোগী এবং পরিবারের নিরন্তর সমর্থন ও পরিশ্রমের ফল এটি। সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সিনা ল্যাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ অর্জন গবেষণাগারের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, গবেষণা-সহযোগী, মেন্টর এবং সমর্থকদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এতে আরও বলা হয়, সিনা ল্যাবের সাবেক পিএইচডি গবেষক ড. তানভীর আহমেদের সদ্য সমাপ্ত পিএইচডি গবেষণা এই নতুন অর্থায়নপ্রাপ্ত প্রকল্পের বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাঁর অবদানকে বিশেষভাবে স্বীকৃতি জানিয়ে গবেষণাগারের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সিনা ল্যাব কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিলের (এনএইচএমআরসি) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, এই অর্থায়নের মাধ্যমে গবেষণার ফলাফলকে বাস্তব প্রযুক্তিতে রূপান্তরের কাজ আরও গতিশীল হবে। এর মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ আরও নির্ভুল ও আগাম পর্যায়ে সম্ভব হবে, যা ভবিষ্যতে রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সম্পর্কিত খবর