
চাঁদপুর খবর রিপোর্ট : ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য নতুন কোন কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন চাঁদপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং একটি পরিকল্পিত আধুনিক নগরায়ণ গড়ে তুলতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পৌরসভার যে যেই দায়িত্ব পালন করার কথা, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনাদের যেই লোকের ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা দেখার কথা। ড্রেন ও রাস্তার সমস্যার সময় তারা কেন পৌরসভায় বসে থাকে। আপনারা নিয়ম করে দেন। যাতে সবাই সবার দায়িত্ব ঠিক মতো পালন করে। চাঁদপুরে এসবি খাল তৈরী হয়েছে মেঘনা নদী থেকে পানি এসে ডাকাতিয়া নদীতে পড়ার জন্য । এখন সেই নদীতে বাসা বাড়ির ময়লা পড়ে। এই এসবি খালকে বাচাঁতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আমরা সকলে মিলে সহযোগীতা করলে চাঁদপুর পৌরসভার এ বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। আমরা আশা রাখি এ বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতেই আমরা নির্বাচিত প্রতিনিধি পাবো, তাহলে আগামী বাজের আরো সুন্দর হবে।
তিনি আরো বলেন, আপনারা খালের যে বিষয়টি তুলে ধরেছেন এসবি খাল নিয়ে। আমি নির্দেশ দিয়ে কয়েকবার এ খালটি পরিস্কার করেছি। আমরা নিজেরা সচেতন না হলে পৌরসভা সুন্দর হবে না। তাই পরিস্কার বিষয়ে আমাদের সচেত হতে হবে। পাশাপাশি খালে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। চাঁদপুর পৌরসভার প্রশাসক, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা।
উন্মুক্ত আলোচনা ও প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সুশীল সমাজের প্রতিনিধি ডা. মো. মুস্তাফিজুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কোহিনুর বেগম, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের , প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শাহীন, এনসিপির চাঁদপুরের আহবায়ক মাহবুব আলম, সদর উপজেলার আহবায়ক তামিম, নারী উদ্যোক্তা তানিয়া বাহার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়োজিত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এই অর্থ-বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হয়। বাজেট বিবরণী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আসন্ন অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব খাত থেকে আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা। বাজেটে গত বছরের ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা প্রারম্ভিক স্থিতি হিসেবে যুক্ত করা হয়েছে। অন্যদিকে, পৌরসভার সার্বিক উন্নয়নে ব্যয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরে উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণসহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।
বাজেটে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা সমাপনী স্থিতি বা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাজেট বাস্তবায়িত হলে চাঁদপুর পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে।



