ট্রাফিক পুলিশের অভিযানে চাঁদপুরে ২০টি সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহর ও বাবুরহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন, ট্রাফিক শৃঙ্খলা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এবং ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাবুরহাটসহ শহরের বিভিন্ন এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাবুরহাট এলাকায় প্রায় ২০টি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া সড়কের পাশে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট, যা যানবাহন চলাচল ও পথচারীদের জন্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো, সেগুলো সরিয়ে দেওয়া হয়। এতে এলাকায় যানজট কমে আসে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে। অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের সদস্যরা চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং বৈধ কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, “পুলিশের রুটিন কার্যক্রমের অংশ হিসেবে আজকের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। চলতি মাসজুড়েই প্রতিদিন এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

ট্রাফিক পুলিশের এ উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে অবৈধ পার্কিং, সড়ক দখল এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতা কমবে, ফলে যানজট হ্রাসের পাশাপাশি সড়ক নিরাপত্তা আরো জোরদার হবে।

সম্পর্কিত খবর