
মো:শওকত করিম / মহসিন হোসাইন: চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যারা জাতি গঠনের কাজ করছেন, তারাই শিক্ষক। পৃথিবীতে অনেক দিবস আছে, কিন্তু শিক্ষকের জন্য আলাদা একটি বিশ্ব দিবস পালিত হয়—এটি তাদের অবদানের স্বীকৃতি।
তিনি আরও বলেন, শিক্ষকরা কেবল দিবসে নয়, প্রতিদিনই সম্মান ও মর্যাদার দাবিদার। সমাজের প্রতিটি প্রতিষ্ঠিত মানুষের পেছনে শিক্ষকের অবদান আছে। শিক্ষক শুধু পাঠদান করেন না, তারা নৈতিক, সৎ ও স্বার্থহীন পরামর্শ দেন—তারা সমাজের পথপ্রদর্শক।
জেলা প্রশাসক শিক্ষকদের নৈতিকতা ও পেশাদার আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, আজকের এই দিনে আমাদের মনে রাখতে হবে—শিক্ষক সমাজের রোল মডেল। পোশাক-আচরণ থেকে শুরু করে নীতি-নৈতিকতা—সব ক্ষেত্রেই শিক্ষক হতে হবে উদাহরণযোগ্য। অনেক শিক্ষক রয়েছেন যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন; এটি শিক্ষকের মর্যাদা নষ্ট করে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যদি ক্লাসে শিক্ষার্থীর নকল দেখেও চুপ থাকেন, তবে তিনি কীভাবে তার পেশাদারিত্ব ধরে রাখবেন? শিক্ষকতা কেবল চাকরি নয়, এটি একটি দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মাননান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। তাঁরা বলেন, শিক্ষকরা সমাজের দিকনির্দেশক। তাঁদের আত্মমর্যাদা ও মান রক্ষা করতে হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষার মাধ্যমে জাতির মান বজায় থাকে।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান খান, আনোয়ার ইসলাম দাখিল মাদ্রাসার সুপার জিয়াউদ্দিন খন্দকার মাহবুব, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. ইকবালুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষকতা একটি পবিত্র, মহান ও দায়িত্বপূর্ণ পেশা। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়েই দেশের উন্নয়ন সম্ভব। তারা আরও বলেন, আমরা যেন শিক্ষাকে বাণিজ্যিকীকরণ না করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, ল্যাব, আধুনিক সুবিধা ও শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষক যদি উন্নত হন, শিক্ষা ব্যবস্থাও উন্নত হবে।
বক্তারা শিক্ষকদের সমাজে প্রকৃত সম্মান দেওয়ার আহ্বান জানান এবং বলেন, আমাদের জীবনের প্রথম শিক্ষক হলেন মা-বাবা। এরপর প্রাতিষ্ঠানিক শিক্ষকরা আমাদের মানুষ গড়ে তোলেন। শিক্ষকরা যেমন সন্তানদের আলোর মুখ দেখান, তেমনি সমাজকে আলোকিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ এর চাঁদপুর জেলা কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মকবুল আহমেদ,এবং গীতা পাঠ করেন বিদ্যুৎ সরকার। শেষে জেলা প্রশাসক ও অতিথিরা শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



