
মহসিন হোসাইন: চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সস উৎপাদনের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালিত হয় চাঁদপুরের বিসিক শিল্প নগরী এলাকায়। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আরিয়ান ফুড প্রডাক্ট-কে ২৮,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযানে সহায়তা করেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরিয়ার খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম।
এ সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



