
মাসুদ হোসেন : সারাদেশের ন্যায় চাঁদপুরের বিভিন্ন নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছেন সরকার।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ৯৫ জন কার্ডধারী জেলের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে আশিকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উক্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জামাল উদ্দিন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক এর সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেক ছেলেকে ২৫ কেজি হারে এক মাসের চাল বিতরণ করেন। উল্লেখিত সময়ে জেলেগণ যেন মা ইলিশ আহরণ না করেন সেজন্য প্রণোদনা হিসেবে উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
এ বিষয়ে মৎস কর্মকর্তা তিনি বলেন, গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এসময়ের জন্য কার্ডধারী জেলেদেরকে বিপরীত সংস্থান হিসেবে এই চাল প্রদান করা হচ্ছে।



