মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে পথসভা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নদী তীরবর্তী জেলে পল্লী, মাছের আড়ৎ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫খ্রি.) পথসভা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এর অংশ হিসেবে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই সকলকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, “ইলিশ আমাদের জাতীয় মাছ। এর উৎপাদন বৃদ্ধির জন্য নিষিদ্ধ সময়ে জেলেদের সহযোগিতা অপরিহার্য। সরকার জেলেদের জন্য ভিজিএফসহ নানা প্রণোদনা কার্যক্রম চালু করেছে। সবাই মিলে সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত করা সম্ভব হবে।”

এসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন। পথসভায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

জেলেরা জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিষিদ্ধ সময়ে ইলিশ না ধরার প্রতিশ্রুতি দেন। তারা জানান, “জাতীয় সম্পদ রক্ষায় আমরা সবাই একসাথে কাজ করব। মা ইলিশ রক্ষা হলে নদীতে মাছের প্রাচুর্য বাড়বে, আমাদের জীবনও সমৃদ্ধ হবে।”

চাঁদপুরের নদী তীরবর্তী এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীও কঠোর নজরদারি চালাবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।

উল্লেখ্য, ইলিশ সংরক্ষণের এই ২২ দিনে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে দেশের উপকূলীয় ৭টি জেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে।

সম্পর্কিত খবর