
চাঁদপুর খবর রিপোর্ট : মা ইলিশ রক্ষা অভিযান-২০২৫ চলাকালীন (০৪ অক্টোবর-২৫ অক্টোবর) ঋণ গ্রহীতা জেলেদের নিকট থেকে ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সূত্র: ২৭ নভেম্বর ২০১৪ খ্রি. তারিখের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য-৩ অধিশাখা কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন আলোকে এ নির্দেশ প্রদান করেন।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত এ পত্রে জানানো হয় যে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. হতে ২৫ অক্টোবর ২০২৫খ্রি. তারিখ পর্যন্ত ২২ (বাইশ) দিন মেঘনা ও পদ্মা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল হতে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ (সত্তর) কিলোমিটার নদী এলাকায় মা ইলিশ নিধন প্রতিরোধের জন্য মা ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বর্ণিত নিষেধাজ্ঞার কারণে এ সময়ে সাধারণ মৎস্যজীবীরা কর্মহীন হয়ে পড়ে এবং অতি কষ্টে জীবনযাপন করে। জেলেদের অধিকাংশই বিভিন্ন এনজিও হতে ঋণ নিয়ে নৌকা এবং জাল খরিদ করে ঋণের কিস্তি পরিশোধ করে।
সে কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখা প্রয়োজন। জেলা টাস্কফোর্স সভায় মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে জোর দাবী জানিয়েছেন।



