
মো. শওকত করিম : চাঁদপুর জেলার ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর ২০২৫)। বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে মাঠে নামবে শিরোপার দুই দাবিদার ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
জেলার আটটি উপজেলাকে দুইটি গ্রুপে ভাগ করে এবারের টুর্নামেন্ট আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ছিল শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে খেলেছে চাঁদপুর সদর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রাণপণ লড়াই করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার চেষ্টা করে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে ওঠে আসে চারটি দল চাঁদপুর সদর, মতলব উত্তর,
ফরিদগঞ্জ ও শাহরাস্তি। টানটান উত্তেজনার সেমিফাইনাল শেষে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফরিদগঞ্জ ও মতলব উত্তর জায়গা করে নেয় ফাইনালে। ফাইনালকে ঘিরে পুরো চাঁদপুরে এখন ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কে হবে চ্যাম্পিয়ন—এই প্রশ্নে জেলার চায়ের দোকান থেকে মাঠপাড়া, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।
জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, সমাপনী অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। খেলা শেষে দুই দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের উদীয়মান তারকাদেরও সম্মাননা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন,
দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থা ক্রীড়াপ্রেমী সবাইকে মাঠে এসে প্রিয় দলকে উৎসাহ দেওয়ার অনুরোধ জানিয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক কাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং জেলার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য একটি উৎসব। প্রতিবছর এই আয়োজনকে ঘিরে জেলার তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পান। খেলোয়াড়রা জানান, এই টুর্নামেন্ট তাদের জন্য বড় এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
আগামীকাল বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে শিরোপার আসল লড়াই। ফরিদগঞ্জ নাকি মতলব উত্তর—কে জিতবে ২০২৫ সালের জেলা প্রশাসক কাপ ফুটবলের শিরোপা? তা জানার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন জেলার হাজারো ক্রীড়াপ্রেমী।



