চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা : গৃহবধূ হাসপাতালে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটলো চাঞ্চল্যকর এক ঘটনা। নিতাইগঞ্জ পুরানবাজার এলাকায় তিন বোন মিলে আরেক বোনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (১ অক্টোবর ২০২৫খ্রি.) সকাল সাড়ে ১১টার দিকে মোম ফ্যাক্টরি এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম পিংকি বেগম, বয়স ২৮ বছর। তিনি সদর উপজেলার হনারচর ইউনিয়নের মালেক হাওলাদারের স্ত্রী।

অভিযোগে বলা হয়, হামলার সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, দুটি ব্যাংকের চেক এবং দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। আরও ভয়াবহ বিষয় হলো, সেই সময় তাঁর কোলে ছিল মাত্র আট মাস বয়সী শিশু কন্যা তাহমিনা। হামলার ধাক্কায় শিশুটিও আহত হয় এবং পরে তাকে ডাক্তার দেখানো হয়।

আহত অবস্থায় পিংকিকে তাঁর স্বামী ও বোনের জামাই দেলোয়ার হোসেন উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার দিন পিংকি বাবার বাড়ির সম্পত্তি নিয়ে কথা বলতে ঘটনাস্থলে গেলে তাঁর আপন বোন পারভীন, পতুল, রানী ও সিমা আক্তার একত্র হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে।

অভিযোগ রয়েছে, তাঁকে হত্যারও চেষ্টা করা হয়। পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত বোনদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর