মতলব দক্ষিণে ভিপি সম্পত্তি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো:শওকত করিম : মতলব দক্ষিণে ভিপি ও খরিদকৃত সম্পত্তি নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় এ সংবাদ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম হাজী আব্দুল কাদের মোল্লার ছেলে মোহাম্মদ জাকির হোসেন।

তিনি বলেন, গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে মরহুম আব্দুল কাদের মোল্লা, মরহুম আব্দুল করিম, মরহুম আব্দুল আউয়াল ও জনাব আব্দুল বারীসহ পরিবারের সদস্যদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিপি সম্পত্তিতে শর্ত ভঙ্গ করে চারতলা ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও জানান, ১৯৬৯-৭০ সালে কলাদি মৌজার বিভিন্ন খতিয়ানের মোট ৮৭.৭৫ শতাংশ ভূমি লিজ নিয়ে নিয়মিত খাজনা প্রদান করে আসছে পরিবারটি।

এছাড়া তাদের নিজস্ব ক্রয়কৃত আরও ৫১.২৫ শতাংশ জমি রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই পরিবারের জাপান প্রবাসী সন্তান বেলায়েত হোসেন জুলহাসের অর্থায়নে উক্ত ইমারত নির্মাণ করা হয়।

এ কাজে সাবেক পৌর মেয়র আওলাদ হোসেন লিটনের কোনো সম্পৃক্ততা নেই বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, তর্কিত ভূমির কিছু অংশ দখলে নেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

এ সময় জানানো হয়, বর্তমানে “হাজী আব্দুল কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট” (কে এফ টি) এর মাধ্যমে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে পরিবারটি কাজ করছে। ইতোমধ্যে কে এফ টি কলেজিয়েট স্কুল শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করেছে। এছাড়া কে এফ টি মেধা অন্বেষণ প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য রবিউস সানি সহ চাঁদপুরের বিভিন্ন পযায়ের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর