
স্টাফ রিপোর্টার : অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড রোববার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) জনৈক ব্যক্তি তার অসুস্থ দাদাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সুরভী-৮ লঞ্চযোগে ভোলার ইলিশা ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
লঞ্চটি মধ্যরাত ১টায় চাঁদপুর হরিণা চ্যানেল সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত অসুস্থ ব্যক্তির শ্বাসকষ্টজনিত কারণে জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর নাতি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে কোস্টগার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাইস্পিড বোটযোগে উক্ত লঞ্চে গমন করে।
অতঃপর মেডিকেল টিম রোগীকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে চাঁদপুর পালবাজার ১০ নং ঘাটে নিয়ে আসে। তিনি আরও বলেন, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্যে রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে স্থানান্তর করা হয়।



