
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল ১০ বছরের শিশু আব্দুল্লাহ আল মামুন।
পরিবার পাগলের মতো খুঁজেও কোনো সন্ধান পায়নি। কিন্তু আশ্চর্যভাবে তাকে পাওয়া যায় চাঁদপুর শহরের কদমতলা এলাকায়।
খবরটি প্রথম সোস্যাল মিডিয়ায় প্রচারের পরপরই পুলিশ শিশুটিকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়। সেখান থেকে শিশুকে পাঠানো হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে।
হারিয়ে যাওয়া ছেলের ছবি দেখেই আব্দুল্লা আল মামুনের বাবা আবুল হাশেম ছুটে আসেন চাঁদপুরে। চোখে জল, মুখে দোয়া শুধু একটা আশার আলো নিয়ে তিনি পৌঁছান পুনর্বাসন কেন্দ্রে।
কেন্দ্রের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন। সেই মুহূর্ত যেন আলিঙ্গনে মিশে যায় ছেলের কান্না আর বাবার দীর্ঘশ্বাস। আনন্দে কেঁদে ফেলেন বাবা ও আত্মীয়স্বজন।
আবুল হাশেম বলেন, তাঁদের বাড়ি পঞ্চগড়ের বেংহারী বনগ্রামে। চাকরির কারণে তাঁরা থাকেন গাজীপুরে। কয়েকদিন আগে হঠাৎ ছেলেটি নিখোঁজ হয়ে যায়। অসংখ্য জায়গায় খোঁজ করেও কোনো হদিস পাওয়া যায়নি।
অবশেষে চাঁদপুরে শিশু উদ্ধারের খবর দেখেই তাঁর জীবনে ফেরে আলো। এজন্য তিনি কৃতজ্ঞতা জানান সকলকে।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো গণমাধ্যম শুধু খবরই দেয় না, অনেক সময় জীবন বাঁচায়, পরিবারকে মিলিয়ে দেয়।



