চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মহসিন হোসাইন : ‘টেকস‌ই উন্নয়নে পর্যটন’, এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ট্যুরিজম একটি সম্ভাবনাময় শিল্প। চারদিকে নদী বেষ্টিত চাঁদপুরে অসংখ্য সুন্দর স্থান রয়েছে। এগুলোকে সুষ্ঠু পরিকল্পনা ও পরিবেশবান্ধব রূপান্তরের মাধ্যমে নদীমাতৃক একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, নদীকেন্দ্রিক সৌন্দর্য বর্ধনের মাধ্যমে চাঁদপুরকে দেশের অন্যতম পর্যটন গন্তব্যে রূপান্তরিত করা যেতে পারে। এ জন্য বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ করতে হবে।

তরুণ সমাজ পর্যটন খাতে এগিয়ে এলে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। জেলা প্রশাসক চাঁদপুরের ঐতিহ্য, ইতিহাস ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে রিভার ট্যুরিজম চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা,জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা এনসিপি আহ্বায়ক মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, স্কাউটস সদস্য এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। সঞ্চালনা করেন এনডিসি মোঃ আনিসুর রহমান।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর