অনিয়মের অভিযোগে চাঁদপুরে পুনর্বাসন কেন্দ্রে “অর্পণ” বন্ধ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় অবস্থিত ‘অর্পণ’ নামের মাদক নিরাময় কেন্দ্র বিদ্রোহ ও অনিয়মের অভিযোগে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেন।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাদক নিরাময় ও পুনর্বাসনের এ প্রতিষ্ঠানের ছাদ থেকে লাফিয়ে ২৭জন রোগী পালিয়ে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও চিত্রে দেখা যায়। তাদের অভিযোগ, চিকিৎসার নামে প্রতিদিন তাদের ভাগ্যে জুটে অনাহার, নির্যাতন আর অপমান। আর সেই ক্ষোভেই ঘটে অবিশ্বাস্য এই পালানোর ঘটনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই কেন্দ্র চালাত কুমিল্লার তুষার আর চাঁদপুরের মিতাব। প্রতিমাসে মোটা অঙ্কের টাকা গিললেও, রোগীদের জন্য রাখা হয়েছিল অবহেলার ভাতকাপড় আর নির্যাতনের ছায়া।

অভিযোগের তালিকাও কম লম্বা নয়। নিয়ম অনুযায়ী যেখানে এক রুমে থাকার কথা ১০ জনের, সেখানে ঠেসে রাখা হতো ৪৫ থেকে ৫০ জনকে। রোগীদের কাছ থেকে প্রতিমাসে ১৪ থেকে ১৮ হাজার টাকা নেওয়া হতো। সেই টাকায় গড়ে উঠত প্রায় ৭ লক্ষ টাকার হিসাব, অথচ খাবারে মিলত শুধু ডাল, আলু ভর্তা আর মাসে একদিন পচা তেলাপিয়া মাছ।

রাতে ঘুমানোর জায়গা থাকত না, আর চলত শারীরিক নির্যাতন। অবশেষে প্রশাসন কঠোর সিদ্ধান্ত নেয়। পুনর্বাসন কেন্দ্র অর্পণ বন্ধ করে দেওয়া হলো। যেসব রোগী তুলনামূলকভাবে সবল ছিলেন, তাদের হস্তান্তর করা হলো পরিবারের কাছে। এখন সেই কেন্দ্রের প্রধান ফটকে ঝুলছে তালা। রোগীর পরিবার জানিয়েছে, যারা এমন ভয়ঙ্কর অনিয়ম চালিয়েছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

কারণ, নেশার অন্ধকার থেকে আলোর পথে ফেরার জায়গাই যদি পরিণত হয় নির্যাতনের কারাগারে, তবে আশার প্রদীপ নিভে যায় মুহূর্তেই।

সম্পর্কিত খবর