
স্টাফ রিপোর্টার: হাইমচরে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বসতবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়ানী লক্ষীপুরের বিশ্বাস বাড়িতে।
আহতরা হলেন—আবুল খায়ের বিশ্বাস (৬৫), আব্দুর রহমান রুবেল (৩৬), ছোবহান বিশ্বাস (৫০) ও নাছিমা বেগম (৩০)। তাদের মধ্যে আবুল খায়ের বিশ্বাস ও আব্দুর রহমান রুবেলকে গুরুতর অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোবহান বিশ্বাস ও নাছিমা বেগম হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী আব্দুর রহমান রুবেল জানান, তাদের পরিবার ৩৩ বছর আগে মাওলানা ইব্রাহীমের কাছ থেকে ৩৭.৫ শতাংশ জমি ক্রয় করে বসবাস শুরু করে এবং জমিটি খারিজও করা হয়। কিন্তু সম্প্রতি স্থানীয় আক্তার মিজি দাবি করেন ওই জমির মধ্যে ২৫ শতাংশ তাদের মালিকানাধীন। এ নিয়ে গত তিন মাস ধরে তিনি ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করে আসছিলেন।
রুবেলের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আক্তার মিজি, মোক্তার মিজি, মিজান মিজি, কালু মিজি ও সাইফুল মিজিসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি চারজনকে মারাত্মকভাবে আহত করা হয়।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হাইমচর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।



