শাহরাস্তিতে অজ্ঞাত নারীর লাশ : ৪ মাস পর হত্যা মামলা

মো:শওকত করিম : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মাজার দিঘি থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধারের চার মাস পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে আঘাতের কোনো চিহ্ন না পাওয়া গেলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে— নারীটি শ্বাসরোধে নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে ২০২৫ বিকেলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে মাজার দিঘির পশ্চিম পাশে ভাসমান লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি তোলা হলেও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। আঙুলের ছাপ নেয়ার চেষ্টাও ব্যর্থ হয় পচনধরা অবস্থার কারণে।

লাশটি ময়নাতদন্ত শেষে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং পরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসানের দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত্যুর কারণ শ্বাসরোধ (Asphyxia), যা গলায় ফাঁস দেয়ার ফলে ঘটেছে। এটি মানবসৃষ্ট এবং মৃত্যুর পূর্ববর্তী ঘটনা।

এই প্রতিবেদনের ভিত্তিতে শাহরাস্তি থানার এসআই মো. আরিফ হোসাইন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ (হত্যা), ২০১ (আলামত গোপন) ও ৩৪ (পরস্পর যোগসাজশ) ধারায় মামলা দায়ের করেন। এজাহারে ধারণা করা হয়, অজ্ঞাত আসামিরা যোগসাজশে নারীটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে দিঘিতে ফেলে দেয়।

শাহরাস্তি থানার ওসি জানান, মামলাটি রুজু করে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। লাশের পরিচয় এবং আসামিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

সম্পর্কিত খবর