
চাঁদপুর খবর রির্পোট: বীর মুক্তিযোদ্ধাগণের যাচাই-বাছাই এর কার্যক্রম হতে বিরত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গতকাল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিনা খাতুন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, যে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ (২০২৫ সালে সংশোধিত) এর ধারা ৬(খ), (গ) ও (ঘ) অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ও মুক্তিযুদ্ধে সহযোগীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে সুপারিশ প্রদানসহ তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হলে গেজেট ও সনদ বাতিলের সুপারিশ প্রদানের কাজ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর এখতিয়ারাধীন।
বর্তমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০নভেম্বর, ২০২৪ তারিখে পুন:গঠিত হয়। পুন:গঠিত জামুকা হতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধা/মুক্তিযুদ্ধের সহযোগী যাচাই-বাছাইয়ের কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি।
২। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গত ২৪ জুন, ২০২৫ তারিখে গঠিত হয়।
উক্ত এডহক কমিটি কর্তৃক মহানগর, জেলা, উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটি গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
৩। ইদানিং বিভিন্ন জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের নিকট হতে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে, কতিপয় জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটি কর্তৃক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্ব-প্রণোদিত হয়ে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে (নমুনা কপি সংযুক্ত)।
এতে করে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে।
৪। এমতাবস্থায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নিয়ন্ত্রণাধীন মহানগর, জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটি কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী যাচাই-বাছাইয়ের কার্যক্রম হতে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।



