
মহসিন হোসাইন: চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নতুন প্রকল্প অনুমোদনের আগেই পুরনো অর্থবছরের কাজগুলো বাস্তবায়ন করতে হবে। প্রত্যেক উপজেলার উন্নয়ন কাজে বিশেষ করে কালভার্ট, রাস্তা-ঘাট সংস্কারসহ জরুরি প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আগেই দাখিল করা দরখাস্ত মোতাবেক নতুন বছরের বরাদ্দ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের বরাদ্দ বাড়াতে হবে।
যেসব মেশিনারী অকেজো অবস্থায় আছে বা সংস্কারের প্রয়োজন, নতুন বাজেটে সেগুলো মেরামতের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ দিতে হবে। হাসপাতালের কুকুরের ভ্যাকসিন পর্যাপ্ত রাখতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
জেলার সার্বিক উন্নয়নে উপজেলা ও পৌরসভার বাকি কাজ দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। বিশেষ করে শহরের ড্রেনে পানি জমে থাকা ও খানা-খন্দে ভরা রাস্তাঘাট সংস্কারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, গণপূর্ত, এলজিইডি, জেলা প্রাণী সম্পদ দপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে নতুন বাজেটে বরাদ্দ তালিকা প্রস্তুত রাখতে জোর দেন জেলা প্রশাসক। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার বিভাগের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তব্য রাখেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, ডিডিএলজি মোঃ গোলাম জাকারিয়া, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক একে.এম মাহবুবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সার্কেল (এসপি) আব্দুল হান্নান রনি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার বাছির আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম,
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, জেলা জনশক্তি কর্মকর্তা শফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমাসহ অন্যান্য দপ্তরের প্রধানগণ।



