
স্টাফ রিপোটার : মতলব পৌর এলাকায় দূরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রানীকে গত ১ জানুয়ারি বুধবার কারণ দর্শানোর নোটিশ ( শোকজ) করা হয়েছে। বিদ্যালয়ের মা সমাবেশ ও মতবিনিময় সভার ব্যানারে বঙ্গবন্ধুর ছবি থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার তাকে এ শোকজ করেন।
জানা যায়, ২০২৫ সালের বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণের জন্য গত ১ জানুয়ারি মা সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে এলাকার রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে যে ব্যানার সাটানো হয় সেখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। অনুষ্ঠান শেষে এ ছবি প্রধান শিক্ষিকার আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) প্রচার করা হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ে এমন ছবির বিষয়টি নজরে পড়ে এবং একাধিকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করায়। যার প্রেক্ষিতে নির্দেশনা অনুসরণ না করে ব্যানার করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার তাকে শোকজ করেছেন।
প্রধান শিক্ষক পারুল রানী বলেন, মনের ভুলে আমি পূর্বের ব্যানারটি টানিয়েছিলাম। পরে আমি পোস্টটি ডিলিট করে দিয়েছি ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার জানান,বিদ্যালয়ের মা সমাবেশ ও মতবিনিময় সভার ব্যানারে বঙ্গবন্ধুর ছবি দেয়ায় ওই প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।




