
স্টাফ রিপোর্টার : চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামের মাঠ সংস্কার এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সরেজমিনে পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে আউটার স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করে মাঠ সংস্কার ও খেলাধুলার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, খেলার মাঠে কোনো বিজয় মেলা হবে না। মেলা হলে শিশু ও কিশোররা খেলবে কোথায়? মেলার জন্য প্রশাসন অন্য কোনো মাঠের ব্যবস্থা করুক। খেলার মাঠে শুধু খেলাই হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার জন্য মাঠের পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ দিতে মাঠকে খেলার উপযোগী রাখতে হবে।
পরিদর্শনকালে চাঁদপুর স্টেডিয়ামের কর্মকর্তা ও মাঠ সংস্কার কাজে নিয়োজিত ব্যক্তিদের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত খেলার উপযোগী করে দেওয়ার নির্দেশনা দেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কোচ আনোয়ার হোসেন মানিক,
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কোচ জাহাঙ্গীর হোসেন গাজী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



