হাইমচরে এমপির প্রচেষ্টায় সচল হলো সরকারি অ্যাম্বুলেন্স সেবা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আন্তরিক প্রচেষ্টা এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হয়েছে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা।

জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়েছিল। ফলে নদীবেষ্টিত ও চরাঞ্চল অধ্যুষিত হাইমচরের সাধারণ রোগীরা, বিশেষ করে জরুরি প্রসূতি ও মুমূর্ষু রোগীরা চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালসহ অন্যান্য স্থানে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে তিনি দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “হাইমচরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। চরাঞ্চলের মানুষ যাতে সামান্য অ্যাম্বুলেন্সের অভাবে কষ্ট না পায়, সেজন্যই আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। আজ থেকে সরকারি অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু হওয়ায় হাইমচরের সাধারণ মানুষ উপকৃত হবেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।”

এদিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, “সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও জনসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করা সম্ভব হয়েছে। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যে কোনো জরুরি রোগী সরকার নির্ধারিত ভাড়ায় এই সেবা গ্রহণ করতে পারবেন। আমরা আশা করি, এর মাধ্যমে হাইমচরের স্বাস্থ্যসেবায় একটি নতুন গতি আসবে।”

বর্তমানে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং জরুরি প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু হওয়ায় উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাননীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্পর্কিত খবর