২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতামূলক সেমিনার

স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুরের আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এ সময় মাদ্রাসার শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সচেতনতামূলক এ সেমিনারে বক্তারা সড়ক ব্যবহারের নিয়মাবলি, ট্রাফিক সংকেত মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা জানান, সড়কে কীভাবে নিরাপদে চলাচল করতে হবে এবং দুর্ঘটনা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ ছাড়া নিরাপদ সড়ক ও সড়কপথে চলাচলবিষয়ক তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত খবর