চাঁদপুরে বহিষ্কৃত নেতা আটক বোরহান গাজীর ডোপ টেস্ট পজিটিভ, মাদকের সম্পৃক্ততা পাওয়ায় কারাগারে প্রেরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে দল থেকে বহিষ্কৃত নেতা বোরহান গাজীকে আটকের পর ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তরপুচন্ডী ও ওয়ারলেস বাজার এলাকার বাসিন্দা বোরহান গাজীকে আটক করে পুলিশ। তিনি নোয়াব আলী গাজীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে চাঁদাবাজির অভিযোগে আটক হয়ে কারাগারে গিয়েছিলেন বোরহান গাজী বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন, ব্যবসায়ীদের হয়রানি এবং সরকারি জায়গা দখল করে দোকান ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এসব বিষয় নিয়ে এলাকায় বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের।

বোরহান গাজীকে আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও আদালতের নথির ভিত্তিতে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত খবর